অথই নূরুল আমিন
সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করে দিয়ে মনে করা হচ্ছে, শ্রমিকদের জন্য যেন অনেক বড় একটি কাজ করে ফেলা হয়েছে। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? আমার ধারণা, বর্তমান কাঠামোর এই অকার্যকর ও হাস্যকর মজুরি বোর্ড একদিন সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সরকার যদি গোপনে মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য ভর্তুকি দেওয়ার চিন্তা করে, সেটিও হবে একটি অপরিকল্পিত সিদ্ধান্ত। কারণ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি।
আমাদের দেশের অর্থনৈতিকভাবে দুর্বল সরকারগুলো ক্ষমতায় এসে দীর্ঘমেয়াদি কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারে না। তার আগেই সরকারের আশপাশে থাকা কিছু স্বার্থান্বেষী ও কৌশলী পরামর্শক ভুল ধারণা দিয়ে নীতিনির্ধারকদের বিভ্রান্ত করেন। এর ফলে একের পর এক ভুল সিদ্ধান্ত তৈরি হয়, যার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে।
বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ও বড় বড় শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের দিকে তাকালে দেখা যায়, সবচেয়ে কম বেতন পান হেলপার বা সহকারী পর্যায়ের কর্মীরা। বিভিন্ন সেক্টরে যারা মূল কাজের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই শিক্ষানবিশ অবস্থায় কাজ শুরু করেন। অথচ এই শ্রমিকদের শ্রম ও অবদান ছাড়া কারখানার উৎপাদনব্যবস্থা সচল রাখা সম্ভব নয়।
বাংলাদেশের গার্মেন্টস খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ ৬০ শতাংশের বেশি এবং পুরুষ শ্রমিকের অংশগ্রহণ ৪০ শতাংশের নিচে—এমন একটি প্রচলিত হিসাব রয়েছে। কৃষি, পশুপালন, হাঁস-মুরগি, মৎস্যসহ অন্যান্য খাতে যদি পর্যাপ্ত কর্মসংস্থান ও লাভজনক আয়ের সুযোগ থাকত, তাহলে অনেক শ্রমিককে বাধ্য হয়ে অল্প বেতনে গার্মেন্টস কারখানায় কাজ খুঁজতে হতো না। বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। কিন্তু পরিকল্পিত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের অভাবে সেই সম্ভাবনার যথাযথ ব্যবহার হচ্ছে না।
একজন শিক্ষিত বেকার যুবক যখন নিজের স্বপ্ন পূরণের কোনো পথ খুঁজে পান না, ভালো ব্যবসা করার পুঁজি থাকে না, অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরিও জোটে না, তখন তাঁকে শেষ পর্যন্ত গার্মেন্টস কারখানার সামনে গিয়ে দাঁড়াতে হয়। সকাল আটটার আগেই চাকরির আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। শুধুমাত্র চারটি ডাল-ভাত খেয়ে জীবন বাঁচানোর তাগিদে এমন একটি চাকরি গ্রহণ করতে হয়, যেখানে শ্রমের তুলনায় পারিশ্রমিক অনেক কম। এর চেয়ে দুঃখজনক বাস্তবতা আর কী হতে পারে!
অনেকেই বলছেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা হোক। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে এই দাবির যৌক্তিকতা বুঝতে খুব বেশি অর্থনীতির জ্ঞান প্রয়োজন হয় না। একটি ছোট পরিবারের জন্য বাসা ভাড়া যেখানে সর্বনিম্ন আট হাজার টাকা, অনেক এলাকায় ১০ থেকে ১২ হাজার, এমনকি ১৫ হাজার টাকা পর্যন্ত গুনতে হয়, সেখানে চার সদস্যের একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জন্য ৩০ হাজার টাকাও যথেষ্ট নয়।
একজন যুবক চাকরি শুরু করেন ১২ হাজার টাকা বেতনে। তখনই তাঁকে মাসে তিন হাজার টাকা ঋণ করে চলতে হয়। পরে বেতন বেড়ে ১৫ হাজার টাকা হলে বিয়ে করেন। সংসারের দায়িত্ব বাড়ে, কিন্তু তখনো মাসে তিন হাজার টাকা ঋণ করতে হয়। পাঁচ বছর পর তাঁর বেতন হয়তো ৩০ হাজার টাকা হয়। এরই মধ্যে দুটি সন্তান জন্ম নেয়। সন্তানদের খাবার, চিকিৎসা, শিক্ষা, বাসাভাড়া ও অন্যান্য খরচ বেড়ে যায়। তখনো মাস শেষে তিন হাজার টাকা ঋণ করতে হয়। তাহলে প্রশ্ন হলো, শুধু কাগজে-কলমে বেতন বাড়িয়ে একজন শ্রমিকের জীবনমান কতটা পরিবর্তন করা সম্ভব?
স্বাধীনতার ৫৪ বছর ধরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু একজন যুবকের জীবনের বাস্তবতা খুব একটা বদলায়নি। একটি চাকরি করে নিজের ভবিষ্যৎ গড়া, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা, বাবা-মা ও ভাইবোনের স্বপ্ন পূরণ করা—একজন বাঙালি যুবকের ওপর কত দায়িত্ব থাকে! এর পাশাপাশি আত্মীয়স্বজন, সামাজিকতা ও অতিথি আপ্যায়নের মতো দায়িত্বও পালন করতে হয়। অথচ তাঁর আয় যদি ন্যূনতম জীবনধারণের ব্যয় মেটাতেই যথেষ্ট না হয়, তাহলে তিনি ভবিষ্যৎ গড়বেন কীভাবে?
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের এই ন্যায্য দাবিকে সরকারের দায়িত্বশীল মহলের কেউ কেউ ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছেন। তাঁদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বাস্তবতা থেকে এতটাই দূরে অবস্থান করছেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরিবহন খাত থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। গার্মেন্টস কিংবা অন্য কোনো কারখানার মাসিক বেতনের শ্রমিক সেই বাড়তি ব্যয় মেটাবেন কোথা থেকে?
একজন শ্রমিকের কর্মঘণ্টা শুরু হয় সকাল আটটায়, অনেক ক্ষেত্রে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। দীর্ঘ সময় শ্রম দেওয়ার পরও যদি তাঁর আয় দিয়ে সংসারের মৌলিক চাহিদা পূরণ না হয়, তাহলে সেই শ্রমিকের ক্ষোভ ও হতাশাকে অস্বীকার করার সুযোগ কোথায়? একটি দেশের সরকার যদি নাগরিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে শিল্পকারখানার মালিকদের কাছ থেকে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ প্রত্যাশা করাও কঠিন হয়ে পড়ে।
সরকার এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। অথচ মৎস্য আহরণ বন্ধ থাকলে মৎস্যজীবীদের জন্য সরকারি সহায়তা দেওয়া হয়। কখনো নগদ অর্থ, কখনো চাল বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও রয়েছে। তাহলে গার্মেন্টস ও শিল্পকারখানার নিম্ন আয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হলে সমস্যা কোথায়? এতে তাঁদের সংসারের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের একটি অংশ সাশ্রয় হতে পারে।
তবে শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন করার অধিকার যেমন রয়েছে, তেমনি আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর কিংবা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈধ নির্দেশ অমান্য করে জননিরাপত্তা বিপন্ন করাও অপরাধ। যারা এসব কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারণ ধ্বংসাত্মক কর্মসূচি কখনো শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না।
অন্যদিকে, সরকারের নির্দেশ দিলেই একটি রপ্তানিমুখী কারখানার মালিক ইচ্ছামতো শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে পারবেন, বিষয়টি এমন নয়। একটি কারখানার প্রথম শর্তই হলো শ্রমিক। শ্রমিক না থাকলে কারখানা অচল হয়ে পড়ে। আবার উৎপাদন ব্যয়, রপ্তানি আদেশ, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, কাঁচামালের মূল্য, ব্যাংকঋণ ও ব্যবসায়িক মুনাফার বিষয়গুলোও মালিকদের বিবেচনায় রাখতে হয়। তাই মালিকের ব্যবসায়িক সক্ষমতা ও লাভের বিষয়টি বিবেচনা না করে শুধু মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধির ঘোষণা দিলেই সমস্যার সমাধান হবে না।
দেশে বিপুলসংখ্যক বেকার মানুষ থাকার কারণে শ্রমিকের সংকট না হলে অনেক মালিকই স্বতঃস্ফূর্তভাবে বেতন বাড়াতে আগ্রহী হবেন না। কারণ একজন শ্রমিক চাকরি ছেড়ে দিলে তাঁর জায়গায় আরেকজন চাকরিপ্রার্থী পাওয়া কঠিন নয়। এই বাস্তবতায় শ্রমিকের দর-কষাকষির ক্ষমতাও সীমিত হয়ে পড়ে। ফলে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।
আমার প্রশ্ন, কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব কি শুধু বেসরকারি উদ্যোক্তাদের? সরকার চাইলে আমদানি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে উৎপাদনমুখী প্রকল্প গ্রহণ করতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে পারে। অথচ স্বাধীনতার এত বছর পরও জাতীয় অর্থনৈতিক পরিষদ ও একনেকের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার জন্য পর্যাপ্ত বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন থেকেই যায়।
প্রায় ১০ লাখ কোটি টাকার জাতীয় বাজেটের কথা বলা হলেও কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের পুনর্বাসন এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ও দৃশ্যমান বরাদ্দ প্রয়োজন। যারা প্রতিদিন শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাঁদের জন্য বাজেটে বিশেষ পরিকল্পনা কোথায়? যারা দিন আনে দিন খায়, যারা কারখানায় ঘাম ঝরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখেন, তাঁদের জীবনমান উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি।
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলে একই বাজারে বসবাসকারী শ্রমিকদের কথা কেন সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে না? সরকারি কর্মকর্তা ও শিল্পকারখানার শ্রমিক—উভয়কেই তো একই বাজার থেকে চাল, ডাল, তেল, মাছ, মাংস, সবজি কিনতে হয়। বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয়ও কাউকে ছাড় দেয় না। তাহলে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে তাঁদের মজুরি নির্ধারণে সরকার আরও দায়িত্বশীল হবে না কেন?
আমার বক্তব্য পরিষ্কার—শুধু একটি মজুরি বোর্ড গঠন করে দায়িত্ব শেষ করলে চলবে না। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হলে মালিকের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে হবে, উৎপাদন ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে, রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে এবং একই সঙ্গে শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে। প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সরকারি প্রণোদনা, শ্রমিকদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় প্রকল্প গ্রহণ করতে হবে।
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে অর্থনীতি সচল থাকবে। আর অর্থনীতি সচল থাকলে রাষ্ট্রের আয় বাড়বে। তাই শ্রমিকের ন্যায্য মজুরিকে মালিকের বিরুদ্ধে কিংবা মালিকের মুনাফাকে শ্রমিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষের সমন্বিত উদ্যোগ।
অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক প্রধান মুখপাত্র, জাতীয় মানবসম্পদ উইং প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থলেখক।
৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
*(পর্ব–১)*
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.