রমজান আলী, বান্দরবান
সংবিধান ও রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে বান্দরবানে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রধানমন্ত্রীের প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে পিসিসিপির নেতারা বলেন, পার্বত্য চুক্তির বিভিন্ন ধারা সংবিধানের ১, ৫৯, ৮০, ১২২, ১৪৩ ও ১৪৪ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাজনৈতিক স্ট্যাটাস দেওয়া, অনির্বাচিত আঞ্চলিক পরিষদ গঠন, ভূমি ব্যবস্থাপনায় জেলা পরিষদকে সর্বময় ক্ষমতা প্রদান এবং ভোটার তালিকা ও নাগরিকত্ব সনদে সার্কেল চীফের বিশেষ ভূমিকা সংবিধানের মূল দর্শনের বিরোধী বলে সংগঠনটি দাবি করে।
নেতারা বলেন, চুক্তিটি বাস্তবায়নের ফলে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীসহ দেশের সাধারণ মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি হয়েছে। একটি গোষ্ঠীর স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের মৌলিক সমতা নীতির পরিপন্থী।
স্মারকলিপিতে পিসিসিপির চার দফা দাবি
স্মারকলিপিতে সংগঠনটি রাষ্ট্রের অখণ্ডতা, জনগণের সমঅধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে চারটি দাবি উপস্থাপন করে। দাবিগুলো হলো—
১. সংবিধানবিরোধী পার্বত্য শান্তিচুক্তি অবিলম্বে বাতিল অথবা সংবিধানসম্মত উপায়ে পুনর্মূল্যায়ন করে সংশোধন।
২. পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল নাগরিকের সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, যেখানে কোনো জাতিগোষ্ঠীর জন্য আলাদা সুবিধা থাকবে না।
৩. পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
৪. জাতীয় নিরাপত্তার স্বার্থে পাহাড়ে প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলার সহসভাপতি জমির উদ্দীন, সহসভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক তানভির হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.