আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আদাছগী এলাকা থেকে উদ্ধার করা হয় ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম, ২৩ রাউন্ড তাজা ও ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকি-টকি চার্জার এবং ২টি কাঠের নৌকা।
অভিযানে আটক হওয়া দুই ব্যক্তি হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে ডাকাতি এবং ডাকাত দলের অস্ত্র ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিল।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, ধারাবাহিক এই অভিযানের ফলে সুন্দরবন এলাকা ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হচ্ছে। উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.