শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিরুদ্ধে পরিশোধিত ঋণ পুনরায় আদায়, মনগড়া বকেয়া দেখানো এবং ঋণগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। ছয়-সাত বছর আগে ঋণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও অনেক গ্রাহককে খেলাপি দেখিয়ে নোটিশ দেওয়া হচ্ছে। এমনকি মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও সুদসহ বকেয়া টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় গত ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
অভিযোগে বলা হয়েছে, বিআরডিবির জুনিয়র অফিসার মনিরুজ্জামান বিভিন্ন যুক্তি দেখিয়ে এবং পুলিশি ভয়ভীতি প্রদর্শন করে ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন। আইনি ঝামেলার আশঙ্কায় অনেক দরিদ্র গ্রাহক পরিশোধিত ঋণের টাকা আবারও দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাঁদের।
বিলবাউজ গ্রামের মাছুরা বেগম জানান, তাঁর স্বামী খায়রুল শেখের পাসবইয়ে ২০১৯ সালে মাঠকর্মীর স্বাক্ষরসহ ঋণ পরিশোধের তথ্য রয়েছে। এরপরও তাঁকে তিন হাজার টাকা খেলাপি দেখিয়ে তা আদায় করা হয়েছে।
একই গ্রামের মারুফ শেখ ২০১৪ সালে সাড়ে ৯ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ২০২০ সালে ঋণ সম্পূর্ণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও তাঁকে ১৯ হাজার টাকা বকেয়া দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরেক ভুক্তভোগী রেজাউল সরদার ২০১৪ সালে সাড়ে ১২ হাজার টাকা ঋণ নিয়ে ২০১৯ সালে সাড়ে ১৯ হাজার টাকা পরিশোধ করেন। তাঁর কাছে পাসবই ও ব্যাংকের জমা স্লিপ থাকার পরও দুই হাজার ৬১ টাকা সঞ্চয় ফেরত দেওয়া হয়নি। উল্টো তাঁকে সাড়ে তিন হাজার টাকা বকেয়া দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের উপস্থিতিতে অফিসের রেজুলেশন বই যাচাই করে তাঁর এক হাজার ৬৬১ টাকা ফেরত পাওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, মৃত ঋণগ্রহীতাদের পরিবারের কাছেও মূল ঋণের সঙ্গে সুদ যোগ করে মনগড়া বকেয়ার হিসাব পাঠানো হয়েছে। মাঠকর্মীর ভুল কিংবা অফিসের হিসাবের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে এভাবে টাকা আদায়ের চেষ্টা চলছে বলে তাঁদের দাবি।
হয়রানি বন্ধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত, ঋণ পরিশোধের প্রমাণ থাকা সত্ত্বেও পুনরায় আদায় করা টাকা ফেরত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সচেতন মহলের মতে, কোনো মাঠকর্মীর ভুলের দায় গ্রাহকদের ওপর চাপানো উচিত নয়। ঋণ পরিশোধের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অনেক গ্রাহকের পাসবই কিংবা ব্যাংকের জমা স্লিপ হারিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব নথি, ঋণ পরিশোধের প্রমাণ ও হিসাবপত্র যাচাই করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “এ বিষয়ে ইউএনও কালিয়ার সঙ্গে কথা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.