তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি সুন্দর, সুষ্ঠু ও মানবিক সমাজ গড়ে তোলার পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা হুমায়ুন কবির।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষ অংশ নেন। সভায় এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়।
কাটেঙ্গা গ্রামের বিশিষ্ট সমাজসেবক এফ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মো. আব্দুল আলীম, মো. আব্দুর রহমান ও মো. ওয়াজেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোল্যা হুমায়ুন কবির বলেন, “আজ থেকে কাটেঙ্গা গ্রামে ঐক্যের সুর বাজবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে চাই। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে। কোনো ধরনের গোষ্ঠীগত বিরোধ বা বিভেদ নয়, বরং ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের মন জয় করে নির্বাচনী বৈতরণি পার হতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণকে প্রাধান্য দিতে হবে।”
কাটেঙ্গা গ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মোল্যা হুমায়ুন কবির বলেন, গ্রামটিকে একটি আদর্শ, উন্নয়নমুখী ও উৎপাদনশীল গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সব সম্প্রদায়ের মানুষ শান্তি, সম্প্রীতি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
বারাসাত ইউনিয়নের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বারাসাত ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে হবে। এ জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম এবং নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, লন্ডনপ্রবাসী ও কাটেঙ্গার বাসিন্দা এমডি আরিফ বিল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন মোল্যা গোলাম কিবরিয়া, মোল্যা হেমায়েত উদ্দিন, মোল্যা হেদায়েত হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, মোল্লা শহিদুল ইসলাম, মো. হানিফ মোল্লা, মো. শরিফুল মোল্লা, মোহাম্মদ লতিফ মোল্লা, মোহাম্মদ আলম মোল্লা, মো. আব্বাস শেখ, মো. সোহেল মল্লিক, মোহাম্মদ আসলাম মোল্লা, মামা পাভেল মোল্লা ও মো. শহিদুল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে অর্ধসহস্রাধিক গ্রামবাসীর উপস্থিতিতে কাটেঙ্গা গ্রামের সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা গ্রামের বিদ্যমান ঐক্য অটুট রাখার পাশাপাশি বারাসাত ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.