নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বিকেল চারটায় কালিয়া বাসস্ট্যান্ডে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ, কালিয়া থানা সভাপতি মাওলানা আলী হুসাইন এবং সাধারণ সম্পাদক কাজী মোহসিন আলী। এতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা পাঁচ দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরেন— জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন, জুলাই সনদের ভিত্তিতে নির্দিষ্ট তারিখে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার ন্যায় বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের মতো ধ্বংসাত্মক রাজনীতিকে নিষিদ্ধ করা।
মাওলানা আব্দুল আজিজ বলেন, “দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায় পিআর পদ্ধতি অপরিহার্য। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেওয়া হলে জনগণের আস্থা ফিরে আসবে। গণহত্যার বিচার করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি দেশের জন্য হানিকর—তাদের অবসান জরুরি।”
মাওলানা আলী হুসাইন বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভোটের সার্থকতা হবে না। প্রতিটি ভোটারের কাছে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা চাই একটি স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা।”
কাজী মোহসিন আলী বলেন, “দেশ আজ মাদক, নৈরাজ্য ও সন্ত্রাসে অতিষ্ঠ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়বিচার, শান্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে। আমাদের পাঁচ দফা দাবি দেশের গণতন্ত্র ও জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য।”
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.