স্টাফ রিপোর্টার: চৌধুরী মনিরুজ্জামান
নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। রোববার (৮ নভেম্বর) আকস্মিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে শতভাগ স্বচ্ছতা, নিষ্ঠা ও সততা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রোববার কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, সে বিষয়েও তাঁদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতির সুযোগ রাখা যাবে না। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে তাঁদের তথ্য নির্ভুলভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি এই কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তথ্য সংগ্রহে সামান্য ভুল বা অনিয়মের কারণেও যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হতে পারেন। তাই প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে নির্ভুল তালিকা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিক তালিকা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.