নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা কবীরুল ইসলাম। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সী মিজানুর রহমান। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।
নতুন কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গোলাম সরোয়ার। সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন মুন্সী মইনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম হাদী।
জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মাওলানা আবু ফয়সাল, অধ্যাপক আব্দুর রব, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডা. আব্দুল্লাহ, রবিউল ইসলাম ফয়সল ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লা।
এ ছাড়া জেলা মহিলা কর্মপরিষদে স্থান পেয়েছেন অধ্যাপক আয়নুন নাহার আনজু, ফয়জুন নাহার পাঠান, আয়শা ছিদ্দিকাহ্, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, তানিয়া রহমান, হালিমা খাতুন, আকলিমা রহমান, পারভিন আক্তার ও রাশেদারা রাশু।
দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্ব নির্বাচনের আগে জেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর ও শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে জেলা আমীর নির্বাচিত হন মাওলানা কবীরুল ইসলাম। একই নির্বাচনে ৪১ জন পুরুষ ও ২৫ জন নারী শূরা সদস্য নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের অধিকার আদায়েও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দায়িত্ব পালনে ধৈর্যশীল, বিচক্ষণ ও জনমুখী হতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। প্রতিহিংসার পরিবর্তে দাওয়াত, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মনোভাব নিয়ে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে খুলনা জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.