নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। গত ১৩ অক্টোবর থেকে ব্যাটালিয়নটির বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপ পরিদর্শন, গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখাসহ তিন স্তরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এসআরবি-৬-এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করাই নিরাপত্তা কার্যক্রমের মূল লক্ষ্য।
এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর দায়িত্বপূর্ণ আটটি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে ৩৯৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে পূজামণ্ডপগুলোকে প্রথমে জেলাভিত্তিক এবং পরে উপজেলাভিত্তিক ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলার জন্য নির্ধারণ করা হয়েছে ফোকাল পয়েন্ট কর্মকর্তা। এসব কর্মকর্তা নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় টহল দলের কার্যক্রম তদারকি করছেন এবং পূজামণ্ডপগুলো পরিদর্শন করছেন।
নিরাপত্তা কার্যক্রমের প্রথম স্তরে টহল দল সরেজমিনে পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে ফিল্ড এজেন্ট ও গোয়েন্দারা নজরদারি করছেন। তৃতীয় স্তরে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, গুজব কিংবা উসকানিমূলক তৎপরতা প্রতিরোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে। এসআরবি সদর দপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে ব্যাটালিয়নের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি, সাধারণ জনগণ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.