২০১৮ সালের খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে দায়ের করা মামলার শুনানিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “আমি মেয়র হতে নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করেছি। বড় বিষয় মেয়র হওয়া নয়—বড় বিষয় হলো আদালতে জালিয়াতি প্রমাণ হওয়া এবং সেই ভিত্তিতে ফলাফল বাতিল হওয়া।”
আজ রবিবার কেসিসির বিতর্কিত নির্বাচনের মামলার শুনানিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, “আদালত যদি আমাকে মেয়র হিসেবে ঘোষণা করেন, মন্ত্রণালয় সে অনুযায়ী পদক্ষেপ নেবে।”
প্রায় সাত বছর আগে অনুষ্ঠিত ২০১৮ সালের চতুর্থ কেসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বর্জন করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ওই বছরের ১১ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি। কিন্তু দীর্ঘসূত্রতায় মামলাটির কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি, আসামিদের সমন জারির মধ্য দিয়ে।
আজকের শুনানিতে মামলার বিবাদীপক্ষ আদালতে উপস্থিত হয়নি। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত দেননি। শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর সভাপতি তালুকদার আবদুল খালেক বিজয়ী হন। পরে ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত পঞ্চম কেসিসি নির্বাচনেও তিনিই পুনরায় মেয়র নির্বাচিত হন। তবে ২০২৪ সালের ১৯ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তালুকদার আবদুল খালেকসহ কেসিসির সকল কাউন্সিলরকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.