মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী জেলা শহরের আশপাশে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাজনৈতিক ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।
এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের কর্মসূচি অব্যাহত রাখেন।
পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়া এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের বন্ধ থাকা তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘদিন বন্ধ থাকা জেলা কার্যালয়ের তালা খোলার ঘটনাটি বিক্ষোভের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।
এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে। একই দিন গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীদের শহরে প্রবেশের কারণে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভ ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় শহরের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটে।
বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন কিংবা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.