মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের চর সরসপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচটি বাড়ি, দুটি দোকান ও একটি গোডাউনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৮ অক্টোবর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারীর দাবি। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, কৃষিপণ্য ও গবাদিপশু লুটের অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় শাহানারা বেগম (৫৯) গোপালগঞ্জ সদর থানায় এজাহার দিয়েছেন। এজাহারে নাজমুল বিশ্বাস, কামাল বিশ্বাস ও ফনি মোল্লাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বাড়িঘর, দোকান ও গোডাউনে হামলা চালান। এ সময় বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয় এবং মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
শাহানারা বেগমের অভিযোগ, হামলার সময় পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে অভিযোগের বিষয়ে নাজমুল বিশ্বাস, কামাল বিশ্বাস ও ফনি মোল্লাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.