মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২-কে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী এক আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যমণি ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
“বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ—শুভ বাংলা নববর্ষ ১৪৩২” শিরোনামে আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন বিভিন্ন গ্রামীণ খেলায়। ছেলেদের জন্য ছিল মোরগ লড়াই, হাড়িভাঙ্গা ও বেগুন ফাটানো; আর মেয়েদের জন্য আয়োজন করা হয় হাড়িভাঙ্গা, বল নিক্ষেপ ও বালিশ খেলা।
এছাড়াও “আমার পেশায় আমিই সেরা” শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যেখানে ডাক্তার, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও কৃষক পেশার প্রতিনিধিত্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তাদের যুক্তি ও দক্ষতা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সোহেল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান, মানবিকী অনুষদের ডিন ড. আঃ রহমান সাগর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সালেহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নিজেদের সংস্কৃতি ও পেশাগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাবান্ধব ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.