শেখ নাসির উদ্দীন খুলনা
চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় উপস্থিত ছিলেন মুফতী ইউনুস আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রকিব উদ্দিন, মুফতী জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ গত এক সপ্তাহ ধরে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ থেকে জাতিকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে জাতীয় ইমাম পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.