সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা ইউসিজি কর্তৃক বাজেট বৈষম্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীরা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বৃদ্ধিসহ চারটি দাবি উত্থাপন করেছেন।
মঙ্গলবার (৬ মে, ২০২৪) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা "বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে", "জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না", "বৈষম্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও"—এমন স্লোগানে শামিল হন।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো:
১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা। ২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা। ৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ। ৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
শিক্ষার্থীরা বলেন, ২০ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সংকট এবং ক্লাসরুমের সংকট, যা শিক্ষার মানে ব্যাপক প্রভাব ফেলছে। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাজেটে বৈষম্যের শিকার হয়ে আসছে।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে শিক্ষার্থীরা আগামীকাল ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.