দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিপ্রতিবেশ সুরক্ষার দাবিতে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন, র্যালি ও পথসভা করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে সদর রোডে এ কর্মসূচি শুরু হয়। ‘জীবাশ্ম জ্বালানি নয়—ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’—এই স্লোগান সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রথমে মানববন্ধন করেন সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁরা উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে পথসভায় মিলিত হন। দুপুর ১২টা ৪০ মিনিটে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল খান এবং দশমিনা উপজেলা কৃষক ফেডারেশনের সভাপতি নয়ামিয়া শিকদার।
জাহিদ ইকবাল খান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন ও উৎপাদনব্যবস্থার সবচেয়ে বড় প্রভাব পড়ছে কৃষক, মৎস্যজীবী ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর। অনিয়মিত বৃষ্টিপাত, খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, জমি, মৎস্যসম্পদ ও মানুষের জীবন-জীবিকা। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে যাদের দায় সবচেয়ে কম, ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে তাদেরই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া অন্যায্য। জলবায়ু অর্থায়ন হতে হবে শর্তহীন অনুদানভিত্তিক।
নয়ামিয়া শিকদার বলেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জীবাশ্ম জ্বালানিনির্ভর কৃষিব্যবস্থার পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। কৃষক সমবায়ের মালিকানায় সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা চালু করা গেলে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং পরিবেশবান্ধব কৃষির প্রসার ঘটবে। কৃষির উৎপাদনব্যবস্থা ও জ্বালানি ব্যবস্থাপনায় কৃষকের নিজস্ব মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
কর্মসূচিতে ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (এফআরএলডি) থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষি, জমি, মৎস্যসম্পদ, বাস্তুচ্যুত মানুষ ও জীবিকার জন্য সরাসরি অনুদান দেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষ জমি হারাচ্ছেন, ফসল উৎপাদনে বাধার মুখে পড়ছেন এবং জীবিকা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। তাঁদের পুনর্বাসন ও ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। এ সহায়তা যেন মধ্যস্বত্বভোগী বা জটিল প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে না থাকে, সে ব্যবস্থাও করতে হবে।
বক্তারা আরও বলেন, কৃষিপ্রতিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31 Türkiye) সামনে রেখে জলবায়ু ন্যায্যতা, জীবাশ্ম জ্বালানিনির্ভর কৃষি থেকে ন্যায্য উত্তরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জনগোষ্ঠীর জন্য সরাসরি অর্থায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.