মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও রাজনৈতিক কর্মকাণ্ডে মতের অমিলের অভিযোগ তুলে বিএনপির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। দলটির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁরা। সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন তরুণকে আটকে রেখে মারধরের ঘটনা তাঁদের এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন ছেলে মিরান ফকির।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের নিজ বাড়িতে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী দুজন হলেন ওই এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।
মিরান ফকিরের দাবি, তাঁর বাবা বয়োবৃদ্ধ এবং রাজনীতির বিষয়ে তেমন ধারণা রাখেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দলটির সঙ্গে সম্পৃক্ত করা হয়। তবে বাবা-ছেলের কেউই দলের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। তাঁরা সাধারণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
মিরান জানান, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি। বিশেষ করে মানুষকে অযথা আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়।
মিরান ফকির আরও বলেন, গত রোববার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন?
মিরান ফকির বলেন, “শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে।”
তিনি আরও জানান, নিজেদের সিদ্ধান্তেই বিএনপির সদস্যপদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির।
এদিকে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের উত্থাপিত অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.