শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিনা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক।
সভায় আরও বক্তব্য রাখেন—ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) অছের আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বাইজিদ আবদুল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস কে সাইফুল ইসলাম, অমিয় তরফদার, মঞ্জুরা খাতুন, এস এম শাহিন আলম প্রমুখ।
উপাত্তের গুরুত্ব ও ডিজিটাল জনশুমারি প্রসঙ্গ:
আলোচনায় বক্তারা বলেন, যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিক উপাত্তের ওপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে ১৯৭৪ সালে দেশে প্রথম আদমশুমারি, ২০২২ সালে সর্বশেষ জনশুমারি এবং বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অর্থনৈতিক শুমারি পরিচালনার কথা তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাধ্যমে শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গঠনের পথও সুগম হয়।”
তিনি আরও বলেন, “প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ইতোমধ্যে ১৫ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এর ফলে মাতৃত্বকালীন মা ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”
শ্রেষ্ঠদের স্বীকৃতি:
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—পরিবার কল্যাণ সহকারী লুপ্তি রাণী মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক তাওহীদ হাসান রনি, কাজী সুলতানা জাহান এবং এস এম সোহরাব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা শাহনেওয়াজ বাপ্পী।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.