শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের কালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় একদল জামায়াতের নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করবেন—এটাই সবার প্রত্যাশা। অথচ বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং এর পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে রাজধানী, বিভাগীয় শহরসহ সারাদেশের সাংবাদিকরা টানা তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করবেন। এ সময় ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ ফসিয়ার রহমান, মো. জিহাদুল ইসলাম, সম্রাট তালুকদার, বাবর আলী, শেখ ফাঈম, রমিম সরদার, আবুল কাশেম, খায়রুল ইসলামসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.