তেরখাদা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা করছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এ দেশের মাটি, মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্য গঠনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন, নিরাপদে বসবাস করবেন এবং রাষ্ট্রের কাছে সমান মর্যাদা ও অধিকার পাবেন।
এমপি হেলাল আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলে আমরা বাংলাদেশের মানুষ। পারস্পরিক সৌহার্দ্য আমাদের শক্তি, আর ঐক্যই এগিয়ে যাওয়ার প্রেরণা। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, তেরখাদায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার ৯৭টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৯৭টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকর কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জ্বলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস, খুলনা মহানগর পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা, খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় এবং তেরখাদা পূজা উদ্যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপি নেতা জাবেদ মল্লিক, মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, ছাত্রনেতা সাব্বির আহমেদ টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.