নিজস্ব প্রতিবেদক
দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় আদর্শ ধরে রেখেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় নিজের বাসভবনে ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম ও ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। দলের দুর্দিনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, জেল খেটেছেন এবং রাজনৈতিক প্রতিকূলতার কারণে নিজ বাড়িতে এক রাতও শান্তিতে ঘুমাতে পারেননি, তাঁদের মূল্যায়ন করা হবে।”
তিনি আরও বলেন, যেসব প্রার্থীর মাঠপর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের দলীয়ভাবে মূল্যায়ন করা হবে। আগ্রহী প্রার্থীদের এখন থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে যাচাই-বাছাই করে যিনি যোগ্যতা ও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন, তাঁকেই মনোনয়ন দেওয়া হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
সভায় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান (মিঠু), নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীরসহ উপজেলা, থানা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.