নড়াইল প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতা বিএনপির কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
আলহাজ্ব ঠাকুর আবুল আজম কালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির একাধিকবারের সদস্য, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির একাধিকবারের সভাপতি এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও দলের কঠিন সময়েও বিচলিত না হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
ঠাকুর আবুল আজম বলেন, “তারেক রহমানের নেতৃত্বে এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি এবং দলের দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। পহরডাঙ্গা ইউনিয়নের একজন প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে আশা করি, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের স্বার্থ তাঁর কাছে বড়। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার।
আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঠাকুর আবুল আজমের মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.