দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।
আয়োজকরা জানান, ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠান দুটি সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় দশমিনায় এ ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পের লক্ষ্য ছিল, যেসব মানুষ ছানি অপারেশন, ওষুধ বা চশমা কেনার সামর্থ্য রাখেন না, তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট।
দিনব্যাপী এ কার্যক্রমে মোট ৬১৮ জন অসহায় ও দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরীক্ষায় ৭২ জন ছানি রোগী শনাক্ত হন। এ ছাড়া ৩২৪ জন রোগীকে চশমার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে ৩০৫ জনকে তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয়। অবশিষ্ট রোগীদের আগামী ২৭ এপ্রিল আরএসসি কালাইয়া কার্যালয় থেকে চশমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া ৩৮৪ জন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের ১৮ এপ্রিল বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল-এ অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করা হয়। উপস্থিত অতিথিরা দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, “এই চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়া এবং তাদের মাঝে নতুন আশার সঞ্চার করা। আর্থিক অসচ্ছলতার কারণে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।” তিনি আরও জানান, প্রতি বছর অন্তত একবার এ ধরনের ক্যাম্প দশমিনায় আয়োজন করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.