এস. এম. শামীম, দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজলিপাড়ায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ৪১ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লিদের মধ্যে উপহার বিতরণ করেছে কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাব। এ আয়োজনে বৃদ্ধ, যুবক ও কিশোরদের উৎসাহিত করার পাশাপাশি যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা গোলামুর রহমান, মাওলানা ইয়াকুব হোসেন, মাওলানা মহাসিন, হাফেজ মো. হোসেন, ক্লাবের উপদেষ্টা মো. সামাদ হোসেন এবং সেনহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এস. এম. মেহেদী হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজ আদায়ের মতো ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব।
তাঁরা আরও বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে স্থানীয় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
বক্তারা কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.