উজ্জ্বল রায়, নড়াইল
নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা নাহিদ শেখের বিরুদ্ধে।
গত রোববার (৮ জুন) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—মেহেদী হাসান সুজন (২২) এবং মো. জসিম (১৯)। তাঁরা সুভারঘোপ গ্রামের মো. জাফর মোল্যার ছেলে।
আহত মেহেদী হাসান সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁর ছোট ভাই জসিম পড়াশোনা করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে। ঈদের ছুটিতে বাড়ি আসার পরের দিন বিকেলে তাঁদের পোষা কুকুরকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত নাহিদ শেখ। এ ঘটনার কারণ জানতে সুজন ও জসিম নাহিদের কাছে গেলে তিনি তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
আহতদের ফুফাতো ভাই মো. জুলহাস মোল্যা বলেন, "নাহিদ শেখ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও সে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
আহতদের বাবা মো. জাফর মোল্যা বলেন, "আমার দুই ছেলেকে নাহিদ নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।" এ বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদ শেখের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.