নড়াইল প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, কৃষি অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্যবাহী দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। একইসঙ্গে অবৈধ ফাঁদ ব্যবহার করে মাছ ধরা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও অভিযান পরিচালনার আহ্বান জানান।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ বছর নড়াইল জেলায় মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন। উৎপাদন হবে ১৮ হাজার ৬৬৫ মেট্রিক টন। অর্থাৎ জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ২ হাজার ৫ মেট্রিক টন মাছ বাইরের জেলায় সরবরাহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.