উজ্জ্বল রায় নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার শিবানন্দপুর গ্রামে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং কাওসার শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা স্থানীয় কৃষক আজিবার শেখের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে প্রতিবেশী নাহার বেগম দুই শিশুকে পুকুরের দিকে যেতে দেখেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে পুকুরপাড়ে তাসলিমার ওড়না দেখতে পেয়ে স্থানীয়রা পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।
তবে নিহত শিশুদের মা বেবি বেগম দাবি করেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়— পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, “আমার মেয়ে সাঁতার জানত, ওরা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা আমাকে ৮-৯ মাস আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে সে দ্বিতীয় বিয়ে করেছে। আমার ধারণা, ওরা আমার সন্তানদের হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।”
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.