নিজস্ব প্রতিবেদক
খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবী বলেছেন, “আমি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে স্থায়ী সমাধান গ্রহণই হবে আমার প্রধান অগ্রাধিকার।”
রবিবার (৬ জুলাই) দুপুর ১২টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
লবী বলেন, “ডুমুরিয়ার বিল ডাকাতিয়াসহ আশপাশের অঞ্চল দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। এখানকার কৃষক, শ্রমজীবী ও প্রান্তিক জনগণ বছরের একটি বড় সময় ভোগান্তিতে পড়ে। আমি নির্বাচিত হলে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল পুনঃখনন, এবং বিলের পানি ব্যবস্থাপনায় স্থায়ী প্রকল্প গ্রহণ করে এই সংকটের টেকসই সমাধান করবো।”
তিনি আরও বলেন, “ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলে যেসব মিল-কলকারখানা একে একে বন্ধ হয়ে গেছে, সেগুলোর আধুনিকায়ন ও নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অন্যতম লক্ষ্য।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “১৬ বছর ধরে দেশ শাসন করেও আওয়ামী লীগ জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারেনি। তাদের সময়ে কোনো প্রকল্পেই টেকসই উন্নয়ন হয়নি।”
মোহাম্মদ আলি আসগার লবী বলেন, “এই অঞ্চলে আমার পূর্বপুরুষদের ভিটেমাটি রয়েছে। ডুমুরিয়ার উর্বর মাটি ও ফুলতলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমি এই দুই উপজেলা মডেল উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় ফুলতলা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি জানান, ২০০১ সালে তিনি খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে এবার তিনি খুলনা-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে আগ্রহী। লবী বলেন, “দল যদি এ আসনে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, আমি তবুও দলের সিদ্ধান্ত মেনে নেব এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “বিএনপি ক্ষমতায় এলে, খুলনা-৫ আসন থেকে জয়ী হতে পারলে ডুমুরিয়া ও ফুলতলার অবহেলিত মানুষদের ভাগ্যবদল ঘটানো সম্ভব হবে।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.