শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী ডিউটি দেওয়ার নামে অনৈতিকভাবে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন ইউনিয়ন দলনেত্রী সাধনা রানী দাস।
অভিযোগে তিনি বলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মমতাজ পারভীন, ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার পাভেল গাজী এবং কার্যালয়ের কম্পিউটার অপারেটর বুলুর যোগসাজশে তার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৩১ হাজার ২০০ টাকা নেওয়া হয়। নির্বাচন ডিউটিতে নাম অন্তর্ভুক্ত করা ও ডিউটি দেওয়ার আশ্বাসে এসব টাকা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
সাধনা রানী দাসের অভিযোগ, তার দেওয়া তালিকার ৬০ জনের ডিউটি দেওয়ার কথা থাকলেও মাত্র ৩৮ জনকে ডিউটি দেওয়া হয়। এছাড়া ভিডিপি প্রশিক্ষণ সনদ না থাকা কয়েকজনকে ডিউটি করানো হলেও পরে তাদের নির্বাচনী বিলের টাকা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে তাকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন। তিনি বলেন, এ বিষয়ে জেলা কার্যালয়ে একটি অভিযোগ হয়েছিল এবং তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। অভিযোগকারীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের কাছে একটি অভিযোগ এসেছে। বিষয়টি নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নড়াইল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। জেলা সদরে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.