শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনি মিয়া শেখ (৪৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মনি মিয়া শেখ কালিয়া উপজেলার চর জয়নগর গ্রামের সোনামিয়া শেখের ছেলে এবং জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুটিমারি বাজার থেকে কেনাকাটা শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মনি মিয়া শেখ। পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য মনি মিয়া শেখ গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.