নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা দায়েরের দুই দিন পার হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে, তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বলে দাবি করায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
গত শনিবার (৩ অক্টোবর) দুপুরে অভিযুক্ত প্রহলাদ খান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের মৃত মছু খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদ খানের সঙ্গে নড়াইলে আসেন ৪৪ বছর বয়সী ওই নারী। সেদিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় নিজের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য ওই নারীকে অনুরোধ করেন প্রহলাদ। পরে তাঁর সঙ্গে ওই বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ঘটনার বিষয়ে কাউকে জানালে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১ অক্টোবর নড়াইল সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তবে মামলা দায়েরের দুই দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে অভিযুক্তের প্রকাশ্যে সংবাদ সম্মেলন করার বিষয়টি সামনে আসার পরও তাঁকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে মুঠোফোনে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের তদন্ত কার্যক্রম চলছে। আসামিকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।”
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। পরে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ধর্ষণ মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.