শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুৎ ও রেল প্রকল্পের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে অভিযান শুরু করে জেলা ডিবি পুলিশ। বিকেল পর্যন্ত চলা অভিযানে কাশিপুরের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকা এবং ধোপাদাহ গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় পদ্মা সেতু রেল প্রকল্পের ১১ ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের প্রায় ৯০ কেজি তামার তার, ২৫ কেজি অ্যালুমিনিয়ামের তার, তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, লোহার বিভিন্ন যন্ত্রাংশ এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে চারটি ধারালো রামদা উদ্ধার করা হয়। আটক দুজন হলেন—ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম এবং নাজমুল হুদা রিহাদ।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান তার চুরি করে আসছিল। এ ঘটনায় আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.