বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন নির্মাণ শ্রমিক মো. মিজানুর রহমান। তিনি নিজেকে অরাজনৈতিক সংগঠন ‘নড়াগাতী থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেছেন। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৩৭১।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনা ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলের পাশেই নিজের দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে কয়েকজনকে পুলিশ সদস্যদের মারধর করতে দেখে তিনি হামলাকারীদের পুলিশকে আঘাত না করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি নিজের সাধ্যমতো হামলা ঠেকানোরও চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
মিজানুর রহমানের অভিযোগ, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে ওই হামলার সঙ্গে সম্পৃক্ত এবং নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তিনি আরও দাবি করেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে মামলার আসামি করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তবে সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের দেওয়া বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ বা মামলার তদন্তকারী কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.