বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের চড়কান্দিপাড়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চড়কান্দিপাড়ায় এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে সোহেল গ্রুপের লোকজন আবেদ গ্রুপের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পরে আবেদ গ্রুপের লোকজন পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ছোড়া গুলিতে রাসেল শেখ, হাসান, মতি মল্লিক, সেলিম শেখ, রাজিব গাজী, কালন শেখ, ইস্রাফিল সিকদারসহ উভয় পক্ষের ১১ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবেদ আলী গ্রুপের শামিম শেখ অভিযোগ করে বলেন, সকালে সোহেল গ্রুপের দেড় থেকে দুইশত লোকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের লোকজনের ওপর গুলি ছোড়া হয়। এতে তাদের পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে সোহেল মেম্বার বলেন, তার লোকজন সকালে বাজারে ছিল। এ সময় আবেদ গ্রুপের লোকজন তাদের লোকজনের ওপর হামলা চালায় এবং গুলি করে বলে তিনি দাবি করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. হোসেন আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.