নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং আন্তরিক কুশল বিনিময় করেন। নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা এবং সুনীল অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে নৌবাহিনীর ধারাবাহিক অবদানের প্রশংসা করেন।
তিনি বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বাহিনীকে আরও আধুনিক, ত্রিমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও আধুনিক ও সক্ষম বাহিনীতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রী ঘোষিত ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ, গবেষণা ও উন্নয়ন সম্প্রসারণ এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে নিজস্ব সক্ষমতায় দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান নির্মাণ ও মেরামতের কার্যক্রম ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি ‘সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হচ্ছে।
নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং সকল স্তরের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর নৌবাহিনী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.