নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহ ও চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘পদ্মার টাটকা ইলিশ’ ও ‘মাই মোবাইল শপ’সহ বিভিন্ন নামে পরিচালিত পেজের মাধ্যমে প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তাঁরা পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে খড়রিয়া পোলের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কালিয়া থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাঁদের সহযোগীরা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। কম দামে পণ্য সরবরাহ এবং বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। পরে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা চাকরি না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশ জানায়, চক্রটি ‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘উইন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করত। এসব পেজে পণ্য ও চাকরির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হতো বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হেলাল উদ্দিন কাজীর ভূমিকা সম্পর্কেও তথ্য দিয়েছে পুলিশ। তিনি বিকাশ এজেন্ট হিসেবে টাকা ক্যাশ আউটের কাজে সহযোগিতা করতেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা সজল শেখের কাছ থেকে নেওয়া হতো বলে পুলিশ জানিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাতক আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.