জাতিসংঘ দীর্ঘদিনের চাঁদা সংকটে তীব্র আর্থিক চাপে পড়ায় ২০২৬ সালের জন্য সংস্থাটির নিয়মিত বাজেট ১৫.১ শতাংশ এবং কর্মীসংখ্যা ১৯ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার প্রকাশিত প্রস্তাবিত বাজেটে বলা হয়, আগামী বছরের ব্যয় ধরা হয়েছে ৩২৪ কোটি ডলার—যা ২০২৫ সালের তুলনায় কম ৫৭ কোটি ৭০ লাখ ডলার।
জাতিসংঘ জানায়, সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা এখন দাঁড়িয়েছে ১.৫৯ ট্রিলিয়ন ডলার (১ লাখ ৫৯ হাজার কোটি ডলার)। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর; সময়মতো চাঁদা না দেওয়ায় এই দেশগুলোর ওপরই মূল দায় পড়ছে।
২ হাজার ৬৮১ পদ বাতিল
গুতেরেস জানান, আর্থিক সংকট মোকাবিলায় সংস্থার মোট ২ হাজার ৬৮১টি পদ বাতিল করা হচ্ছে। বর্তমানে জাতিসংঘের ১৮ শতাংশ পদ শূন্য পড়ে আছে। তিনি বলেন, কিছু মিশন অন্য সংস্থার মাধ্যমে পরিচালনা করা সম্ভব, আবার অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি পেলেও কর্মী কমানো যাবে।
বিশেষ রাজনৈতিক মিশন খাতেও বড় ধরনের কাটছাঁট আসছে। ২০২৬ সালে এই খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৪ কোটি ৩৬ লাখ ডলার—আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। কিছু মিশন বন্ধ করা হবে, আবার কিছু মিশনের কার্যক্রম সীমিত আকারে চালানো হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা অপরিবর্তিত
বাজেট সংকোচনের মধ্যেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়ক সংস্থা ইউএনআরডব্লিউএ–এর বাজেট অপরিবর্তিত রাখার ঘোষণা দেন মহাসচিব। তিনি বলেন, গাজায় মানবিক সংকট সর্বোচ্চ পর্যায়ে থাকায় এ খাতে কাটছাঁটের সুযোগ নেই। একইভাবে ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়ন-সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেটও ২০২৫ সালের সমান রাখা হবে।
নিউইয়র্ক অফিস ছোট হচ্ছে
ব্যয় কমানোর অংশ হিসেবে জাতিসংঘ তাদের নিউইয়র্ক অফিসের উপস্থিতি সংক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। গুতেরেস জানান, ২০২৭ সালের মধ্যে নিউইয়র্কের দুটি অফিসের লিজ বাতিল করা হবে। এতে ২০২৯ সাল থেকে বছরে ২ কোটি ৪৫ লাখ ডলার সাশ্রয় হবে। এর আগে ২০১৭ সাল থেকে শহরের কয়েকটি দপ্তর বন্ধ করে ১২ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয় করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.