খুলনা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় কথিত রফিক বাহিনীর প্রধান রফিক শেখের মালিকানাধীন একটি কৃষি খামারে অভিযান চালিয়ে পিস্তলের ছয়টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, রামদাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামের কামাল গোলদারের মোড়-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
খুলনা জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে পিস্তলের ছয়টি ম্যাগাজিন, ৭.৬৫ মি.মি. এক রাউন্ড তাজা গুলি, একটি রামদা, রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি সুজুকি মোটরসাইকেল, একটি পুরোনো স্যামসাং অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির ট্যাংকের সাইড কাভারে ‘SAJIB’ লেখা স্টিকার রয়েছে। এর ইঞ্জিন নম্বর BGA5-232069 এবং চেসিস নম্বর RMBL-EDBF-158853।
উদ্ধার করা পরিচয়পত্রে রফিক শেখকে ‘আলফি ট্রেড ইন্টারন্যাশনাল এজেন্সি খুলনা’র মার্চেন্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে বিকাশের অনুমোদিত এজেন্সি হিসেবেও পরিচয়পত্রে পরিচয় দেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রফিক শেখের বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর লবণচরা থানায় অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এ ছাড়া ২০১৬ সালের ১০ নভেম্বর খুলনা সদর থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ ধারায় দায়ের করা একটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান-পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা গেছে, রফিক শেখের মালিকানাধীন ওই কৃষি খামারে সম্প্রতি গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আনাগোনা ছিল। খুলনা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.