নিজস্ব প্রতিবেদক
মাঠপর্যায়ে কাজ করা নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) উদ্যোগে খুলনাসহ ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার মোট নয়জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়িত হয় কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯ ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায়। অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘Equally Safe: Towards a Feminist Agenda to the Safety of Journalists (FEMSOJ-2)’ প্রকল্পের আওতায়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Bringing the Unseen to Light”, যার মাধ্যমে সমাজে আড়ালে থাকা নিপীড়ন, বৈষম্য ও অবহেলিত বাস্তবতাকে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের মতে, এই সরঞ্জাম সহায়তা মাঠপর্যায়ে ঝুঁকিপূর্ণ ও অনুসন্ধানী সাংবাদিকতায় নারী সাংবাদিকদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, BJPC-এর কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা।
এছাড়াও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন, বাগেরহাট, মোল্লারহাট, রামপাল ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে নারী সাংবাদিকদের জন্য এমন বাস্তব ও কার্যকর উদ্যোগ খুব কমই দেখা গেছে। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, নারী সাংবাদিকরা এখনো পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল নীতিগত বক্তব্য নয়, বাস্তব সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চাও ক্ষতিগ্রস্ত হয় বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.