নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ মনোমুগ্ধকর আয়োজনে সম্পন্ন হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি নতুন কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এ বছর ২ জন নারীসহ মোট ৩১ জন মিডশিপম্যান তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। অনুষ্ঠানে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেওয়া হয়। সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘সোর্ড অব অনার’ লাভ করেন মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ (এল), বিএন। প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জন করায় ‘নৌ প্রধান স্বর্ণপদক’ পান মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ (ই), বিএন।
কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তাদের এ্যাপুলেট পরিয়ে দেন নৌবাহিনী প্রধান, উপস্থিত অতিথি ও অভিভাবকরা। অনুষ্ঠানে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের ফ্লাইপাস্ট দৃষ্টিনন্দন পরিবেশনা উপহার দেয়।
নিজের ভাষণে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর নৌ কমান্ডোদের আত্মত্যাগ স্মরণ করেন এবং প্রযুক্তি-নির্ভর ত্রিমাত্রিক বাহিনী গঠনে নৌবাহিনীর অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ সুরক্ষা, অপরাধ দমন, দুর্যোগে সহায়তা এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
তিনি নবীন কর্মকর্তাদের প্রতি দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ ও আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.