নিজস্ব প্রতিবেদক
প্রিয়ন্তী বড়ুয়া কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একজন কৃতি শিক্ষার্থী। তিনি কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কনিষ্ঠ কন্যা। তাঁর মায়ের নাম অঞ্জলী বড়ুয়া।
তাঁদের পরিবার কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের নালন্দা বিহার এলাকার স্থায়ী বাসিন্দা। পাশাপাশি তাঁদের পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম আধাঁরমানিক গ্রামে।
তিনি ২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ক্যাডেট অফিসার হিসেবে যোগদান করেন। তিন বছরের কঠোর ও সুশৃঙ্খল সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য কমিশনিং প্যারেডে অংশগ্রহণ করেন।
উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত কুচকাওয়াজ শেষে প্রিয়ন্তী বড়ুয়া কমিশন্ড অফিসার হিসেবে লেফটেন্যান্ট পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিধান করেন। এ সময় সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি তাঁর গর্বিত বাবা-মা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। ২০১৯ সালে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ও প্রশংসিত পদচারণা রয়েছে। তিনি একজন প্রতিভাবান সঙ্গীত ও নৃত্যশিল্পী হিসেবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি এবং কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা অর্জন করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.