নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপালগঞ্জ সদর থানাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নড়াইলের লোহাগড়া থানায় দায়ের করা পিতা হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি খায়রুল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের মৃত আফছার শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আফছার শেখের সঙ্গে তাঁর ছেলে খায়রুল শেখের বিরোধ চলছিল। এর জের ধরে গত ৫ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে বাবার মাথায় কোপ দেন বলে অভিযোগ রয়েছে খায়রুলের বিরুদ্ধে। এতে আফছার শেখ গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে পুনরায় বুকে কোপ দেওয়া হয়। এতে তাঁর বুকের হাড় ও মাংস কেটে ফুসফুস বের হয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহত আফছার শেখের বড় ছেলে খায়রুল শেখসহ মোট তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি খায়রুল শেখ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর খায়রুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.