শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল মোল্লা ও শাহিনের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়ার চাঁদপুর কবরস্থানে তাঁরা নিহত দুই নেতাকর্মীর কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কবর জিয়ারতকে কেন্দ্র করে সেখানে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। এ ছাড়া নড়াইল, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতী এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারত উপলক্ষে সকাল থেকেই চাঁদপুর কবরস্থানে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ নিহত দুই নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন। বৃষ্টিভেজা পরিবেশে শোকাহত মানুষের এই উপস্থিতিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কবর জিয়ারত ও দোয়া শেষে কেন্দ্রীয় নেতারা নিহত সোহেল মোল্লার বাড়িতে যান। সেখানে তাঁরা সোহেলের মা, স্ত্রী, শিশুকন্যা, ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা জানান। স্বজনদের এই অপূরণীয় ক্ষতির বেদনা প্রকাশের ভাষা নেই উল্লেখ করে তাঁরা বলেন, যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.