শাহিনুর আক্তার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বিভক্ত না করে পূর্বের অবস্থায় পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভোটাররা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাতে ব্যানার নিয়ে তাঁরা ভোটকেন্দ্রটি পূর্বের অবস্থায় বহাল রাখার দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রটি বিভক্ত করে প্রায় ৯০০ ভোটারকে সল্লাবাদ পশ্চিমপাড়া এলাকার সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় নতুন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দূরত্বের কারণে বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হবে। এতে তাঁদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান। তিনি নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পূর্বের অবস্থায় বহাল রাখার দাবির প্রতি সমর্থন জানান এবং স্থানীয় ভোটারদের সুবিধার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে কর্মসূচিতে উপস্থিত মানুষের মধ্যে সাড়া পড়ে। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদল সদস্য মোঃ কামরুজ্জামান আজিম।
মানববন্ধনে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম বলেন, “নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্বাধীনতার পর থেকে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করে আসছে। হঠাৎ করে কেন্দ্রটি ভেঙে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নেব না। এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের কেন্দ্রটি বহাল রাখতে হবে।”
মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। গণশুনানিতে স্থানীয় ভোটাররা ভোটকেন্দ্র সংক্রান্ত তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
কর্মসূচি থেকে এলাকাবাসী অবিলম্বে নবগঠিত কেন্দ্রটি বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেই আগের মতো সব ভোটারের ভোটদানের ব্যবস্থা বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলাবো উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় নিলক্ষিয়া, সল্লাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত হিসেবে রয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.