শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারের উত্তর-পশ্চিম পাশের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। ভাঙন রোধে তাৎক্ষণিক উদ্যোগের পাশাপাশি বড়দিয়া বাজার ও আশপাশের এলাকা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় বড়দিয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী আইনুদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নদীভাঙনের খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিক প্রতিরোধমূলক কাজের জন্য সরকারি বরাদ্দ না থাকায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে চার লাখ টাকা দিয়ে ভাঙন রোধের কাজ শুরুর উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও বলেন, বড়দিয়া বাজারকে রক্ষায় তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন। ভবিষ্যতে ওই এলাকা থেকে বালু উত্তোলনের জন্য যাতে কোনো বালুমহাল ইজারা দেওয়া না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করবেন তিনি।
সংসদ সদস্য জানান, বড়দিয়া বাজার থেকে ফেরিঘাটের দক্ষিণে চোরখালি সীমানা পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি বাজার ও আশপাশের জনবসতি রক্ষায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নড়াইল জেলার উন্নয়নে ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বরাদ্দের আওতায় উন্নয়নকাজ সম্পন্ন হলে জেলার সড়ক যোগাযোগব্যবস্থার বেহাল দশা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর তিনি বড়দিয়া বাজারের মন্দির ও বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর থেকে বড়দিয়া বাজার এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করে। এতে কয়েকটি চায়ের দোকানসহ একাধিক বড় ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.