শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলায় অভয়াশ্রম গড়ে তোলার ফলে স্থানীয় নদী ও বিলে মাছের উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি। সাত বছরে মির্জাপুর মরা নদী, বিল শিংগা ও বানিয়াখালী নদীতে মাছের সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে। সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্ভব হয়েছে মৎস্য বিভাগের পরিকল্পিত উদ্যোগ এবং স্থানীয়দের সম্পৃক্ততায়।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১২ সালে ডুমুরিয়ার নদী ও খালে মাছের উৎপাদন ছিল ১৬০ মেট্রিক টন। ২০২৫ সালে এই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ৬০০ মেট্রিক টন। স্থানীয় জেলেরা বলছেন, আগে যেখানে দিনশেষে ফিরতে হতো খালি হাতে, এখন সেখানে দেশি প্রজাতির ট্যাংরা, পুঁটি, শোলসহ নানা মাছ ধরা পড়ছে জালে।
ডুমুরিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান বলেন, “নিয়মিত অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল অপসারণ, নেট-পাটা উচ্ছেদ, অভয়াশ্রম সংস্কার ও জনসচেতনতা বৃদ্ধির কাজ চলছে। এর সুফল এখন দৃশ্যমান।”
সরেজমিনে মির্জাপুর মরা নদীতে গেলে দেখা যায়, কচুরিপানার নিচে লাফিয়ে উঠছে মাছ। জেলেরা জানালেন, ২-৩ মাস আগে অভয়াশ্রমটি পুনঃসংস্কার করার পর নদীটিতে মাছের উপস্থিতি বাড়তে থাকে। এখন আশপাশের গ্রামের মানুষও মাছ ধরায় আগ্রহী হয়ে উঠেছেন।
তবে দেশের সব এলাকার চিত্র এক নয়। গবেষণা বলছে, পুঁটি, ট্যাংরাসহ অন্তত ৯১টি দেশি মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পরিবেশদূষণ, জলাশয় ভরাট, আগ্রাসী বিদেশি প্রজাতির মাছের আগমন ও অপরিকল্পিত মাছ ধরা এর জন্য দায়ী।
বিশেষজ্ঞদের মতে, মাছ থেকে আসে দেশের প্রাণিজ আমিষের ৬০ শতাংশের বেশি। এটি শুধু খাদ্য নিরাপত্তা নয়, গ্রামীণ অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
তাই ডুমুরিয়ার অভয়াশ্রম মডেল অনুসরণ করে দেশের বিভিন্ন নদ-নদী, বিল, হাওর-বাঁওড়ে আরও অভয়াশ্রম গড়ে তোলার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জনসম্পৃক্ততা, সচেতনতা ও সরকারি সহায়তা থাকলে দেশি মাছ রক্ষা করা সম্ভব বলেই মনে করেন তাঁরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.