শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবন ও বিক্রিতে বাধা দেওয়ার জেরে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব মোল্যা একই গ্রামের লিপটন মোল্যার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ইউপি সদস্য কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
এরই জেরে শনিবার রাত ১০টার দিকে কদমতলা ত্রি-মোহনার মোড়ের একটি দোকানে কাসেদ মোল্যার চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম উপস্থিত হন। তারা হাসিবের কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। এ সময় হঠাৎ হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।
গুরুতর আহত মানসুর মোল্যাকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছিল। পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.