নড়াইল প্রতিনিধি:
মাদক বিক্রির প্রতিবাদ করায় নড়াইলের লোহাগড়ায় একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের মধ্যে দুই নারী রয়েছেন। তাঁদের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এর কয়েক দিন পর শনিবার রাতে তাঁদের ওপর হামলা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খাইরুল সিকদার (৪০), তাঁর তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাঁদের মা কুলসুম বেগম (৫৫)।
আহত খাইরুল সিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর ভাইদের হত্যার হুমকি দেওয়া হয়।
খাইরুল সিকদার বলেন, শনিবার রাতে তিনি ও তাঁর তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জুয়েল সিকদারসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। হামলার সময় তাঁর স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ জানতে পেরেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.