শেখ ফসিয়ার রহমান, নড়াইল
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় সমাবেশ ও মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্যে কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিকদার আফতাব হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা এবং ইসলামী শরিয়াহ আইনেরও পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধা দিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের প্রধানমন্ত্রীর কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সমাবেশ ও মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান বিশ্বাস, খান আব্দুল হক, শেখ আব্দুল মান্নান, শরিফ আব্দুল মান্নান, টুকু মোল্লা, আব্দুল গফফার শেখ, মকিদুর রহমান, লায়েক হোসেন, একরামুল হক খান, মাহাতাব উদ্দিনসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.