কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিআরডিবির আওতাধীন বিভিন্ন সমিতির ঋণখেলাপিদের কাছ থেকে কয়েক কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ের দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে দীর্ঘদিনেও ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা শেখ মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মেয়ারাজুল ইসলাম খসরু, সাংবাদিক ফজলুল হক খোকন, শহিদুল ইসলাম, সমবায়ী মো. ওবায়দুল ইসলাম, নিকুঞ্জ বিহার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।
সভায় বক্তারা বলেন, বিআরডিবির আওতাধীন বিভিন্ন সদস্য সমিতি থেকে অনেকে ঋণ নিয়ে দীর্ঘদিনেও তা পরিশোধ করেননি। ফলে কয়েক কোটি টাকার ঋণ অনাদায়ী পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, এসব ঋণ আদায় না হওয়ায় সোনালী ব্যাংক থেকে নতুন করে ঋণ বিতরণ বন্ধ রয়েছে। এতে সমিতির সাধারণ সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সমবায় কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঋণ অনাদায়ী থাকলেও ঋণখেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ঋণ আদায়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁরা অবিলম্বে ঋণখেলাপিদের তালিকা পর্যালোচনা, দায়ীদের চিহ্নিত করা এবং তাঁদের কাছ থেকে অনাদায়ী অর্থ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তাঁরা বলেন, সমবায় কার্যক্রমের মূল ভিত্তি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও আর্থিক শৃঙ্খলা। ঋণের অর্থ যথাসময়ে আদায় নিশ্চিত করা না গেলে নতুন সদস্যদের ঋণসুবিধা দেওয়া কঠিন হয়ে পড়বে। এতে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
এদিকে, জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ও বিআরডিবির কর্মকর্তা দীপিকা তরফদারের অনুপস্থিতি নিয়েও উপস্থিত অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়।আলোচনা সভায় সমবায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অনাদায়ী ঋণ আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.